হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরসহ আনুসঙ্গিক প্রক্রিয়াসমূহ সময়মতো সম্পন্ন হলে ডিসেম্বরের দিকে সীমিত পরিসরে এর আংশিক পরিচালন কার্যক্রম শুরু হতে পারে।
সোমবার (২০ জুলাই) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেবিচক চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের ভৌত অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যেই প্রকল্প বাস্তবায়নে গৃহীত ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার আগামী ডিসেম্বর থেকেই টার্মিনালটির সুফল পাওয়ার জন্য চালু করতে আগ্রহী।
তবে মূল প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এটি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জাপানি কনসোর্টিয়ামের (জোটে) সঙ্গে চুক্তি বাস্তবায়নে বিলম্বের কারণে। মন্ত্রী পর্যায়ে কয়েক দফায় বৈঠক হলেও পরিচালন ও ব্যবস্থাপনাসংক্রান্ত মূল চুক্তিটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়নি।
চুক্তি বিলম্বের কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বেবিচক চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত রূপ পাবে। চুক্তি সম্পন্ন হলে অপারেটরদের কাজ বুঝে নেওয়া ও পূর্ণাঙ্গ কার্যক্রমে প্রস্তুত হতে কিছুটা সময় লাগায় আংশিকভাবে চালু হতে পারে এই ড্রিম প্রজেক্ট।

